পানছড়িতে ক্যাশলেস লেনদেন জোরদারে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃহেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে ‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ সকালে পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি পানছড়ি উপ-শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম কে এম মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মোঃ ইকবাল,পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল।
সভায় বক্তারা বলেন,দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাইজড ও ক্যাশলেস করতে 'বাংলা কিউআর' অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ খুব সহজেই ও নিরাপদে স্মার্টফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন, পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পানছড়ি পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার অঞ্জন সাহার সঞ্চালনায় সভায় ব্যাংকের আধুনিক গ্রাহকসেবা ও ডিজিটাল ব্যাংকিং সুবিধার বিভিন্ন দিক তুলে ধরা হয়।