পটুয়াখালীর গলাচিপায় পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ মোসাঃ হাজেরা (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) গলাচিপা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার টোল ঘরের পাশে হাজেরার চা দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে মোসাঃ হাজেরাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী উক্ত এলাকার বাচ্চু মাতুব্বরের স্ত্রী।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২১, তারিখ: ০৭/০৯/২০২৬) রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।