রুপম চাকমা দীঘিনালা,খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ৪৭ জনকে ধাত্রীবিদ্যা, নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রবিবার ৬ সেপ্তেম্বর সকালে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন কমান্ডার লে: কর্ণেল মো: আল- আমিন এসইউপি, পিএসএসি নির্দেশনায় বাবুছড়া, বরাদম, জারুলছড়িতে
স্থানীয় দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহায়তা করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধাত্রীবিদ্যা ও নার্সিংয়ের পাশাপাশি কম্পিউটার পরিচালনা ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন মৌলিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তির সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও মানুষের সেবায় ভূমিকা রাখতে পারবেন।
দীঘিনালা জোনের উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।