গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন
গাজীপুরের বাসন থানা পুলিশ ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বিজয় রহমান লাদেন (২৩)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মালিরচর ধুমালীপাড়ার বাসিন্দা মোঃ বিপ্লব হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অপরদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আরমান (২১)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর জেলার বাসন থানার ভোগড়া (মধ্যপাড়া) এলাকার ইব্রাহিম খলিল ওরফে মিস্টারের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাসন থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।