শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবির জালে ৩ মাদক কারবারি

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ pm
সাভারে ডিবির জালে ৩ মাদক কারবারি

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বক্তারপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. রিমন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। এ সময় তার সঙ্গে ডিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা ছিলেন।

এরপর একই এলাকায় বিকেল ৬টা ৩০ মিনিটের দিকে পৃথক আরেকটি অভিযান চালায় ডিবি পুলিশ। এ অভিযানে জাহাঙ্গীর (৩৫) ও শাকিল (২৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম। তার সঙ্গে ডিবির কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রিমন হোসেন সাভারের বক্তারপুর বালুরমাঠ এলাকার বাসিন্দা। অপর আসামি জাহাঙ্গীরের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়; তিনি সাভারের রাজাশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। শাকিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সাভারের বক্তারপুর এলাকায় বসবাস করছিলেন।

এদিকে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগে একটি চুরির মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!