চেয়ারম্যান না হয়েও আংগারিয়ার সড়ক মেরামতে এগিয়ে এলেন মোঃ খলিলুর রহমান মোল্লা
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত ও জনদুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খলিলুর রহমান মোল্লা। তিনি শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক জিএস এবং শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এরই ধারাবাহিকতায় আংগারিয়া ইউনিয়নের তুলাতলা বাজারের দক্ষিণ পাশে ব্রিজের সামনে সড়কের একটি অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে খলিলুর রহমান মোল্লার উদ্যোগে ওই স্থানে ইটের খোয়া ও অন্যান্য উপকরণ দিয়ে খানাখন্দগুলো ভরাট ও মেরামতের কাজ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশটি বেহাল থাকায় যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে।
চেয়ারম্যান পদে দায়িত্ব না থাকলেও জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
মোঃ খলিলুর রহমান মোল্লা বলেন, “জনগণের পাশে থাকার জন্য জনপ্রতিনিধি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না। এলাকার মানুষের চলাচলের সমস্যা দেখেছি, তাই আমার সামর্থ্য অনুযায়ী সমাধানের উদ্যোগ নিয়েছি।”
স্থানীয়রা আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী সংস্কার ও দ্রুত উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।