শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মিটার-সংযোগ ছাড়াই গ্ৰাহকের নামে এসেছে বিদ্যুৎ বিল

মোঃ আলমগীর হোসাইন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ pm
৮১
মিটার-সংযোগ ছাড়াই গ্ৰাহকের নামে এসেছে বিদ্যুৎ বিল
ছবি:- মিটার স্থাপনের বোর্ড ও বিদ্যুৎ বিল

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-

মিটার স্থাপন করা হয়নি, দেওয়া হয়নি কোনো বিদ্যুৎ সংযোগও। অথচ গ্রাহকের হাতে এসেছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! নতুন মিটারের জন্য আবেদন করে সংযোগ পাওয়ার আগেই এমন আজব বিল পেয়ে চরম বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহক। এতে বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও তদারকি নিয়ে মারাত্মক প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়।

ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় আগে থেকেই দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার চালু রয়েছে। সম্প্রতি তিনি নতুন আরেকটি মিটারের জন্য আবেদন করেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই তার নামে আগস্ট মাসের ৬৯২ টাকা পরিশোধের একটি বিল পাঠায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাসায় নতুন মিটারের জন্য কেবল একটি ওয়্যারিং বোর্ড তৈরি করা রয়েছে। মিটার বা কোনো সংযোগ নেই। অথচ তার নামে মোট পাঁচটি বিলের কাগজ এসেছে—যার মধ্যে পঞ্চমটি ওই ভুতুড়ে বিল। বিদ্যুৎ ব্যবহার না করেই বিল আসার এমন ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান প্রথমে দাবি করেন, গ্রাহকের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছিল। তবে সংযোগ ছাড়া বিল দেওয়া সম্ভব কি না জানতে চাইলে তিনি নিজের ভুল স্বীকার করেন।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ও অ্যান্ড এম) আবু সালেহ মো. নাঈম দাবি করেন, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমনটি হয়ে থাকতে পারে। তবে সংযোগ ছাড়া কীভাবে বিল তৈরি হলো, তার স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, "মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল আসে, তা আমার জানা নেই। যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তাদের সঙ্গে কথা বলুন।"

সংযোগ ছাড়া বিল তৈরির এই ঘটনায় পল্লী বিদ্যুতের অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা ও ডিজিটাল বিলিং প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে সাধারণ গ্রাহকদের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!