ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. বেলাল মিয়া ও মানিক মিয়ার কাছ থেকে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক।
স্থানীয়দের অভিযোগ, সার সংকটের সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।