শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইয়ারপুরে আওয়ামী লীগ নেতা সাবু গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ pm
ইয়ারপুরে আওয়ামী লীগ নেতা সাবু গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তার ব্যক্তি ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫)। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষার গ্রামের মৃত আলী আহমেদ ও মৃত সারোদা বেগমের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় সবধর আলীর বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাহাবুদ্দিন আহমেদ সাবুকে আটক করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন আহমেদ সাবুর বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

পুলিশ আরও দাবি করেছে, এসব গ্রুপের মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য কিংবা তার পক্ষের কোনো আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সাহাবুদ্দিন আহমেদ সাবুকে আশুলিয়া থানার মামলা নম্বর-২২, তারিখ ২২ আগস্ট ২০২৪-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি (উত্তর) নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!