শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ pm
সাভারে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভার মডেল থানার পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) পুলিশের সদস্যরা। প্রথম অভিযানে দুইজনের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন এবং দ্বিতীয় অভিযানে আরও দুইজনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পেছনের গেটের পূর্ব পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

অভিযানে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারী (৩৫) এবং মো. কাওছার (২১)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মো. ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারী বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর বানঘাটা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মোস্তফা কামাল ব্যাপারী এবং মাতার নাম মৃত সালমা আহম্মেদ। বর্তমানে তিনি ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের হাট শাহ আলীর গলি এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অপর গ্রেপ্তার মো. কাওছার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সন্তোষদি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মান্নান হাওলাদার। তিনিও ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের হাট শাহ আলীর গলি এলাকায় বসবাস করতেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের কাছ থেকে উদ্ধার করা ৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

একই দিনে রাতে সাভারের গেন্ডা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ওমর হায়দার তুহিন (৪৮) ও মো. নাসির উদ্দিন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

গ্রেপ্তার ওমর হায়দার তুহিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কিসমত করিমপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল ওহাব এবং মাতার নাম রুবি বেগম। বর্তমানে তিনি সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন, বটতলা, পাগলামোড় এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অপর গ্রেপ্তার মো. নাসির উদ্দিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বনগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. হাসিম উদ্দিন এবং মাতার নাম মিনা বেগম। বর্তমানে তিনি আশুলিয়া থানাধীন কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে মোট ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা এবং ইয়াবার মূল্য ২৭ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা।

পুলিশের ভাষ্য, সাভার ও আশপাশের এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, আবাসিক এলাকা ও মাদকপ্রবণ স্থানে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!