আব্দুল আওয়াল : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত, দুঃস্থ ও অসহায় নারী-শিশুদের মাঝে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মাওলানা কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর আমির আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অনুদানের উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।
অনুদানপ্রাপ্তরা সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।