বগুড়া প্রতিনিধি:
সরকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, সকালে ঢাকা থেকে জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে কিচক ব্রিজের কাছে পৌঁছালে প্রতিমন্ত্রীর প্রোটেকশন গাড়ি পার হওয়ার পর এক নারী হঠাৎ রাস্তার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে পার হওয়ার চেষ্টা করেন।
ওসি বলেন, ওই নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ফিরোজা বেগম আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা রানু মিয়া সরদার (৪৫) জানান, ফিরোজা বেগম তার বড় আম্মা। মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।