শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দিনমজুরের বেশে মাদকের কারবার, টাপেন্টাডলসহ পুলিশের জালে ৪

নিজস্ব প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ pm
১১
দিনমজুরের বেশে মাদকের কারবার, টাপেন্টাডলসহ পুলিশের জালে ৪

দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল কাপড়চোপড়ের ব্যাগ। তবে সেই ব্যাগেই লুকিয়ে রাখা হয়েছিল মাদক হিসেবে ব্যবহৃত ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে করে কয়েকজন মাদক পাচার করছেন—এমন তথ্য পায় ঘোড়াঘাট থানা পুলিশ। পরে পুলিশ টিএনটি মোড় এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ওই কোচটিতে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগে ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তারা। একই সঙ্গে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!