সান্টু ইসলাম
নাটোরের নলডাঙ্গা থেকে বাগমারার তাহেরপুর পর্যন্ত বারনই নদীতে হঠাৎ বিপুল পরিমাণ মাছ ভেসে উঠেছে। পুঁটি মাছ থেকে শুরু করে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠায় নদীপাড়ের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬)স্থানীয়রা জানান, নদীর বিভিন্ন স্থানে মাছ ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের নদীপাড়ের লোকজন নদীতে নেমে মাছ শিকার শুরু করেন। এ সময় অনেকে জালসহ বিভিন্ন উপায়ে মাছ শিকার করতে দেখা যায়।
তবে মাছগুলো কি কারনে ভেসে উঠছে,তার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন,নদীর পানিতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো জেগে উঠেছে। আবার কারও ধারণা,পানিতে কোন ধরনের গ্যাসের সৃষ্টি হওয়ায় মাছগুলো স্বাভাবিকভাবে পানিতে থাকতে পারছে না।
এ বিষয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নদীর পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে কোন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয় এলাকাবাসী সন্তেষ কুমার ও বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী-এই ঘটনার কারণ ও মাছের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস কর্মকতা আবু সাঈদ বলেন,বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।