মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গাজারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছাঃ স্বপ্না (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে অপর একটি অভিযানে বরমী ইউনিয়নের বরামা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় আহাম্মদ উল্লাহ (৪০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।