গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ এবং ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ তাকে আটক করে।
আব্দুল্লাহ সিফাত গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার মো. সিকান্দার আলীর ছেলে। তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য, সম্প্রতি নিজের বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে আব্দুল্লাহ সিফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি পুলিশের নজরে এলে গাছা থানা পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।