আব্দুল আওয়াল : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (Eskuf) ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। এ সময় মো. মামুন মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতভর শিবগঞ্জ সীমান্তের সোনামসজিদ ও চৌকা বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে অভিযান চালিয়ে ৩৫ বোতল Eskuf সিরাপ ও একটি Pulsar 150 সিসি মোটরসাইকেলসহ মামুন মিয়াকে আটক করে। তিনি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, চৌকা বিওপির টহল দল বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আরও ৯১ বোতল Eskuf সিরাপ জব্দ করে।
দুই অভিযানে জব্দ করা মাদক ও মোটরসাইকেলের মোট সিজার মূল্য প্রায় **২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা**।
এ ঘটনায় আটক ব্যক্তি ও জব্দ মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।