ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় ট্রাক থেকে মাটি পড়ে সড়কের একটি অংশ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে তৈরি হয়েছে চরম ভোগান্তি। স্থানীয়দের দাবি, সড়কে মাটি পড়ে পিচ্ছিল ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ইতোমধ্যে পরপর চারটি দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মাটি বহনকারী ট্রাক চলাচলের সময় সড়কের ওপর মাটি পড়ে জমে যায়। পরে যানবাহনের চাকার চাপে ওই মাটি পিচ্ছিল হয়ে সড়কের ওপর বিপজ্জনক অবস্থার সৃষ্টি করে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সড়কে মাটি পড়ে থাকার বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলেও দ্রুত তা পরিষ্কার না করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এরই মধ্যে ওই এলাকায় পরপর চারটি দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ব্যস্ততম এই মহাসড়কের এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সড়ক থেকে মাটি অপসারণ এবং মাটি বহনকারী ট্রাকগুলোকে যথাযথভাবে ঢেকে চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। মহাসড়কের এই অংশে নিয়মিত নজরদারি ও সড়ক পরিষ্কার রাখার ব্যবস্থা করা না হলে প্রাণহানির মতো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে
দাবি জানান স্থানীয় ও গাড়ি চালরা।