প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সাদেকপুর এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দীর্ঘ ২২ দিন অনশন করার পরও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে প্রেমিক খোকনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন আনজুমানারা চুমকি।মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, বিয়ের দাবিতে আনজুমানারা চুমকি দীর্ঘ ২২ দিন ধরে খোকনের বাড়িতে অনশন করেন। তবে খোকন বিয়েতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন তিনি।পরে আনজুমানারা চুমকি বাদী হয়ে খোকনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার খোকন রজব আলী হাওলাদারের ছেলে বলে জানা গেছে।দীর্ঘ ২২ দিনের অনশন এবং পরবর্তীতে ধর্ষণ মামলা ও গ্রেপ্তারের ঘটনায় সাদেকপুরসহ পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে মামলার অভিযোগের বিষয়ে গ্রেপ্তার খোকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।