শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মিরসরাইয়ে রাতের আঁধারে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

মোঃ মিজানুর রহমান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ pm
মিরসরাইয়ে রাতের আঁধারে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
মিরসরাইয়ে রাতের আঁধারে সাংবাদিকের ওপর হামলা,

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজারসংলগ্ন লক্ষ্মীছড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক কামরুল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি ও দৈনিক জাতীয় অর্থনীতির মিরসরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে করেরহাট বাজারের লক্ষ্মীছড়া ব্রিজ এলাকায় একদল ব্যক্তি তাঁর পথরোধ করে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি স্মার্টফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হামলায় তাঁর মাথা ও বুকে আঘাত লাগে বলে জানা গেছে।

আহত সাংবাদিক কামরুল ইসলাম দাবি করেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। সম্প্রতি ‘মিরসরাইয়ে গাড়ি আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি চাপের মধ্যে ছিলেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় ফজলুল মুরাদ, জামসেদ আলম ফারুক, মো. উদ্দিন, মো. তারেক, মাসুদ ও সাইফুল ইসলাম পারভেজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুল ইসলাম।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!