শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে উদ্বোধন হলো বৃক্ষ ও শিশু বিনোদন মেলা

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ pm
আটোয়ারীতে উদ্বোধন হলো বৃক্ষ ও শিশু বিনোদন মেলা

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’। উপজেলার মির্জাপুর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক মির্জাপুর বড় মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা ঘিরে স্থানীয় বাসিন্দা, শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক মির্জাপুর বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলালের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ। 
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় জজ কোটের পিপি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, যুব সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি এবং একই সঙ্গে বৃক্ষ ও পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ব্যতিক্রমী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার নামের মধ্যেই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বৃক্ষ ও শিশু বিনোদন। একদিকে শিশু-কিশোরদের আনন্দ ও বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের স্বাভাবিক বিকাশে খেলাধুলা ও নির্মল বিনোদনের বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর জীবনে শিশুরা যখন ক্রমেই ঘরবন্দি হয়ে পড়ছে, তখন এমন আয়োজন তাদের সামাজিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বৃক্ষের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি এবং বেশি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায়ও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জাপুর যুব সমাজের সদস্যরা বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা ও শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি বিবেচনা করেই এ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় যাতে সব বয়সী মানুষ আনন্দ উপভোগ করতে পারেন এবং একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ব্যতিক্রমী এ ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’কে ঘিরে মির্জাপুরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য নির্মল বিনোদনের সুযোগ তৈরি করে এ মেলা একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!