ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়ায় মাদক ও বাল্যবিবাহবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাদরাসা সুপার আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সভাপতি রফিকুল ইসলাম, বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম ও ওসি অর্পণ কুমার দাসসহ অনেকে।
মানববন্ধনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।