শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী ‘বরহামগঞ্জ পোস্ট অফিস’-এর নাম পরিবর্তন করে ‘শিবচর পোস্ট অফিস’ নামকরণের সরকারি সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। শতবর্ষ পুরোনো এই ঐতিহাসিক নাম ও পরিচয় রক্ষার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোরালো দাবি জানিয়েছেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ।
পাকিস্তান আমল থেকে প্রতিষ্ঠিত এবং ৭৯৩০ পোস্টাল কোডের এই ডাকঘরটি শিবচর উপজেলা শহরের ২৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। দীর্ঘকাল ধরে এই পোস্ট অফিসের অধীনে উপজেলার ১৮টি ইউনিয়নের ২৬টি শাখার মাধ্যমে ৫৪ জন কর্মচারী সেবা দিয়ে আসছেন। এর পাশাপাশি বাহাদুরপুর (কোড-৭৯৩২) ও উমেদপুর (কোড-৭৯৩৩) পোস্ট অফিসের মাধ্যমেও সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
স্থানীয়দের মতে, হঠাৎ করে এই নাম পরিবর্তন করা হলে শুধু দীর্ঘদিনের ঐতিহ্য ও পরিচিতিই বিলীন হবে না, বরং প্রশাসনিক ও ব্যক্তিগত নানা ক্ষেত্রে মারাত্মক জটিলতা সৃষ্টি হবে। বিশেষ করে প্রবাসী নাগরিক, চাকরিজীবী, ভোটার তালিকাভুক্ত ব্যক্তি, বিভিন্ন লাইসেন্সধারী, ব্যাংক-বিমার গ্রাহক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরা পুরোনো ও নতুন ঠিকানা নিয়ে বড় ধরনের বিভ্রান্তির মুখে পড়বেন।
এছাড়া ডাকযোগে পাঠানো চিঠিপত্র, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পার্সেল আদান-প্রদানে ভুল ঠিকানা ব্যবহারের ঝুঁকি তৈরি হবে। ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের বহু নথিপত্র এবং সার্টিফিকেটে ঠিকানা পরিবর্তনের জন্য সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
এ বিষয়ে বরহামগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. হাবিবুর রহমান জানান, তিনি নয় মাস আগে এই অফিসে যোগ দিয়েছেন এবং বিষয়টি তার যোগদানের আগে জানা ছিল না। তবে পরিপত্র জারির মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি তিনি জেনেছেন।
অন্যদিকে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, নাম পরিবর্তনের বিষয়ে একটি পরিপত্র পাওয়া গেছে। তবে স্থানীয় জনগণ নাম পরিবর্তন না চাইলে লিখিত আবেদন করলে তা যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং জনগণের স্বার্থ বিবেচনায় কর্তৃপক্ষ বিষয়টি দেখবে।
পোস্টমাস্টার জেনারেল ও ডিভিশনাল প্রধান তাহমিনা মমতাজ বলেন যে দীর্ঘদিনের নাম পরিবর্তন হলে মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে। তবে উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে লিখিত আপত্তি জানানো হলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
স্থানীয়দের জোরালো দাবি, বরহামগঞ্জ নামটি কেবল একটি ডাকঘরের নাম নয়; এটি এই জনপদের শত বছরের ইতিহাস ও দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ। তাই যেকোনো প্রশাসনিক পরিবর্তনের আগে স্থানীয় জনগণের মতামত ও জনমত যাচাই এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে যথাযথ সমন্বয়ের আহ্বান জানিয়েছেন শিবচরবাসী।