নওগাঁর রাণীনগরের কুবরাতলী বাজারে নিজস্ব চার্জার ভ্যানসহ ২৮ বোতল বাংলা মদ (চোয়ানী) নিয়ে জনতার হাতে এক যুবক আটক হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে কুবরাতলী বাজারে এ ঘটনা ঘটে। আটক সোহাগ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে। পরে উপস্থিত জনতা আটককৃত যুবককে রাণীনগর থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি চার্জার ভ্যান ও বাজারের ব্যাগ নিয়ে সোহাগকে বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধাওয়া করে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮ বোতল বাংলা মদ পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
আটকের পর জিজ্ঞাসাবাদে সোহাগ দাবি করেন, কুবরাতলী বাজারের মোঃ হারুন কসাই, পিতা মৃতঃ আজিমুদ্দিন এবং মোঃ কাইয়ুম ছাগল ব্যবসায়ী, পিতা মৃতঃ আইজুল এসব মদ নওগাঁ থেকে নিয়ে এসেছেন। এর আগেও তাদের সঙ্গে এ ধরনের ব্যবসা করেছেন বলে তিনি দাবি করেন। তবে হারুন ও কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব মদের বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি আরো বলেন, মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় কাউকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন । আইন-শৃঙ্খলা বাহিনী ২৪ ঘন্টা জনগণের জন্য কাজ করেন।