কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক এবং একটি বাটন মোবাইল ফোনও জব্দ করেছে র্যাব।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস দল এই সফল অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (এফসিএন-২৩৪৩০৫) মোহাম্মদ ইদ্রিস ও হাসিনা বেগম দম্পতির ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে যে, একজন মাদক কারবারি ইজিবাইকযোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল দ্রুত কোর্টবাজার স্টেশন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন ইজিবাইক চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করে।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইকটি তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিজ হাতে বের করে দেওয়া ও চিহ্নিত করা দুটি কালো প্লাস্টিকের পলিথিন প্যাক থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে সংরক্ষিত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে কক্সবাজারের বিভিন্ন জেলা ও শহর এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।