পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনা।
আজ ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে পরিচালিত মোবাইল কোর্টে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন ও ব্যবহারের অপরাধে ১টি বাস ও ৪টি ট্রাকের চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।