মো আরিফুল ইসলাম ঝিনাইদহ কালীগঞ্জে।।
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা তাঁতি দলের সম্মেলন সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার বিকেল ৫টায় কালীগঞ্জের স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তাঁতি দলের আহ্বায়ক বাবুল আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক।
সভা সঞ্চালনা করেন পৌর তাঁতি দলের আহ্বায়ক আমিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা তাঁতি দলের সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপজেলা ও পৌর তাঁতি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে মোজাম্মেল হক বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। জেলা তাঁতি দলের সম্মেলনকে সফল করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তাঁতি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে বাবুল আক্তার বলেন, কালীগঞ্জ উপজেলা ও পৌর তাঁতি দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। আগামী ৫ সেপ্টেম্বরের জেলা সম্মেলন সফল করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে কালীগঞ্জ থেকে ব্যাপক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক কারি ফোরকান আলী, উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, পৌর তাঁতি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ও পৌর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক শাহীন হোসেন।
এছাড়াও উপজেলা ও পৌর তাঁতি দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা তাঁতি দলের সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রদান করা হয়।