আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে বিজিবি।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার ও সোনাপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বারিক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বাইসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়।
এরপর সকাল সাড়ে ৫টার দিকে একই টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক ও টায়ারের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।