মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উদযাপনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিকেলে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি মাদারগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিজুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিএনপির গৌরব, সংগ্রাম, আত্মত্যাগ ও সাফল্যের নানা দিক তুলে ধরে দলের দীর্ঘ রাজনৈতিক পথচলায় সকল শহিদ ও ত্যাগী নেতাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।