বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেলে মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলটি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয়তার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।