নিজস্ব প্রতিবেদক, খুলনা:
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে লার্ভা নিধন অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টুটপাড়া কবরস্থান মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সেপ্টেম্বর মাসজুড়ে এ অভিযান চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, শুধু স্প্রে করে এডিস মশা নির্মূল সম্ভব নয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এডিসের প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে তিন দিনের বেশি যেন পানি না জমে থাকে সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা জরুরি। প্রতিটি বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও ফুলের টবে যেন পানি না জমে।
কেসিসি জানায়, অভিযানকে কার্যকর করতে ৩১ ওয়ার্ডে অতিরিক্ত ৫ জন করে স্প্রেম্যান নিয়োগ দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেন ও জলাবদ্ধ স্থানে লার্ভা ধ্বংসের ওষুধ প্রয়োগ করবেন।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী, সচিব ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।