মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাউন্ডারি ঘেঁষে বিদ্যালয়ের মাটি কাটার অভিযোগ, ধসে পড়ার ঝুঁকিতে সীমানা প্রাচীর

মোঃ আলমগীর হোসাইন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ pm
বাউন্ডারি ঘেঁষে বিদ্যালয়ের মাটি কাটার অভিযোগ, ধসে পড়ার ঝুঁকিতে সীমানা প্রাচীর

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জবেদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় ভবনের পেছনের সীমানা প্রাচীর ঘেঁষে প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা থেকে এই মাটি কাটা হয়। অভিযুক্ত জবেদ আলী ওই এলাকার মৃত রেহান আলীর ছেলে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, জবেদ আলী দীর্ঘদিন ধরে সুযোগ বুঝে বিদ্যালয়ের জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছেন। ফলে বিদ্যালয়ের সীমানা প্রাচীরটি বর্তমানে ধসে পড়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিদ্যালয়ের সামাজিক বনায়নের বাঁশ কেটে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, মাটি কাটতে বাধা দিলে জবেদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর চড়াও হন এবং অশালীন গালাগাল করেন। এর আগেও গত বছর একই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সামাজিক মীমাংসা করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। তবে সেই সিদ্ধান্ত না মেনে জবেদ আলী জামালপুর আদালতে মামলা করেন।

বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক আক্কাস আলী বলেন, "প্রতিষ্ঠানের জায়গা থেকে মাটি কাটতে দেখে শিক্ষার্থীরা বাধা দিলে তাঁদের ওপর চড়াও হন জবেদ আলী, যা শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।"

প্রধান শিক্ষক শাহ মো. আনিছুর রহমান জানান, "জবেদ আলী আইন ও সামাজিক সিদ্ধান্ত কোনোটারই তোয়াক্কা করছেন না। বিদ্যালয় ছুটির পর অথবা সকালে খোলার আগে ফাঁকা সময়ে বাউন্ডারি অতিক্রম করে তিনি মাটি কেটে নিয়ে যান।"

তবে সব অভিযোগ অস্বীকার করে জবেদ আলী দাবি করেন, "সীমানা প্রাচীরের ভেতরের কিছু অংশ আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা আমাদের নিজেদের জায়গা থেকেই মাটি কাটছি এবং এই জমি ফেরত পেতে আদালতে মামলাও করেছি।"

বিদ্যালয়ের জমি সুরক্ষা, সরকারি সম্পত্তি রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!