মো এনামুল হক
গাইবান্ধা জেলা
নিজ জেলা গাইবান্ধায় প্রথম সরকারি সফরে এসে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার গ্রহণ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ধর্ম প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান এবং গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রতি গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মো. মনিরুজ্জামান। এর আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
গার্ড অব অনার গ্রহণের পর ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিজ জেলার সন্তান হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর গাইবান্ধায় তাঁর প্রথম সরকারি সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।