আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পানিতে পড়ে ১ মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বিকেলে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছুরিরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে সখিপুর সাজেদা-জাব্বার হাসপাতালে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বিষয়টি সখিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।
পুলিশের কাছে ঘটনাটি অস্বাভাবিক মনে হলে রাত আনুমানিক ৪টার দিকে শিশুটির মরদেহ ছুরিরচর এলাকা থেকে থানায় নেওয়া হয়।
সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার সঠিক তথ্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।