অভিজিত শীল,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে জনসম্মুখে মানহানিকর বক্তব্য প্রদান ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন,কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া এবং নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। উক্ত নিয়োগের ফলাফল প্রত্যাখ্যান করে কসবা ইউপি চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের বিরুদ্ধে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান করেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের পর তাদের ইউনিয়নের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ আইন বহির্ভূত ও জনস্বার্থের অনুকূল নয় বলে গণ্য করেছে সরকার।
ফলশ্রুত, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (ঘ) ধারার অপরাধে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্ব-স্ব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।