দেশের তরুণ শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের গবেষণায় আর্থিক ও একাডেমিক সহায়তা দিতে ‘Youth Research Grants for Action-2026’ শীর্ষক রিসার্চ প্রোপোজাল আহ্বান করেছে Youth in Research and Action for Social Change (YOUReach)। নির্বাচিত প্রতিটি দল সর্বোচ্চ ২০ হাজার টাকা গবেষণা অনুদানের পাশাপাশি বিশেষজ্ঞ তত্ত্বাবধান, বিষয়ভিত্তিক মেন্টরশিপ, SPSS ও R প্রশিক্ষণ এবং গবেষণা প্রকাশনায় সহায়তা পাবে।
গবেষণা প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত প্রকল্পের কার্যক্রম শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি ২০২৭। প্রতিটি প্রকল্পের মেয়াদ পাঁচ মাস।
YOUReach জানিয়েছে, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, পরিবেশগত টেকসইতা ও SDG-ভিত্তিক সমাধান এবং উদ্যোক্তা নেতৃত্ব ও প্রতিষ্ঠান কর্মক্ষমতা—এই চারটি অগ্রাধিকারমূলক বিষয়ে গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে।
এ অনুদানের জন্য ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষার্থী, তরুণ গবেষক, তরুণ পেশাজীবী ও যুব-নেতৃত্বাধীন সংগঠন আবেদন করতে পারবে। প্রতিটি দলে ৩ থেকে ৪ জন সদস্য থাকতে হবে এবং দলে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।
আবেদনকারী দলের সব সদস্যকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতকের তৃতীয় বর্ষ বা তার ওপরের পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। পাশাপাশি দলের অন্তত একজন সদস্যের পিয়ার-রিভিউ জার্নাল বা কনফারেন্সে গবেষণা প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রস্তাবিত গবেষণার জন্য সর্বোচ্চ ৪ হাজার শব্দের রিসার্চ প্রোপোজাল জমা দিতে হবে। নির্বাচিত দলগুলো আর্থিক সহায়তার পাশাপাশি গবেষণার মানোন্নয়নে বিশেষজ্ঞ পরামর্শ, মেন্টরশিপ, পরিসংখ্যান বিশ্লেষণ সফটওয়্যার SPSS ও R-এর প্রশিক্ষণ এবং গবেষণা প্রকাশনা-সংক্রান্ত সহায়তা পাবে।
আগ্রহী আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের প্রতিষ্ঠিত YOUReach গবেষণাভিত্তিক সামাজিক সমাধান, গবেষণা দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ের উন্নয়নমূলক কাজে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করছে।