সোমবার, ৩১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দুই বছর আগে প্রেমের সম্পর্ক পরে ধর্ষণ ও হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক প্রেমিক গ্রেপ্তার

মোঃ আলমগীর হোসাইন
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৪ pm
৪১
দুই বছর আগে প্রেমের সম্পর্ক পরে ধর্ষণ ও হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক প্রেমিক গ্রেপ্তার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-

জামালপুরের মাদারগঞ্জে প্রেমের সম্পর্ক টানাপোড়েন কারণে ধর্ষণের পর ১৫ বছর বয়সী কিশোরী রূপসীকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ঘাতক প্রেমিক আল জিহাদ ওরফে রাকিবকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার হাড়গিলা এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

পুলিশ সূত্রের তথ্যমতে, নিহত রূপসী চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার ছাইরউদ্দিনের মেয়ে। গ্রেপ্তারকৃত আল জিহাদ ওরফে রাকিব একই ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার আল মাহমুদ আহমেদের ছেলে।

সহকারী পুলিশ সুপার জানান, ২০২৪ সাল থেকে রূপসীর সাথে আল জিহাদের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে জিহাদ বিয়ে করেন এবং তাঁর একটি সন্তান হয়। এরপর থেকে রূপসীর সাথে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর সম্প্রতি আবার তাদের মধ্যে ফোনে কথা শুরু হয়।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকেই রূপসী বারবার জিহাদকে ফোন করে তাঁর কাছে চলে আসার এবং সংসার করার আকুতি জানায়। সম্পর্কের কথা স্ত্রী ও সমাজকে জানিয়ে দেওয়ার হুমকিও দেয় রূপসী। এই পরিস্থিতি থেকে বাঁচতে রূপসীকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা করেন জিহাদ। পরিকল্পনা অনুযায়ী রূপসীকে ডেকে এনে একটি সেচপাম্প ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর রূপসীর ওড়না দিয়েই তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় জিহাদ।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ আগস্ট) সকালে সেচপাম্প ঘর থেকে রূপসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরীর হাতে মেহেদী দিয়ে 'রাকিব' (জিহাদের ছদ্মনাম) লেখা ছিল। এই মেহেদীর লেখার সূত্র ধরেই মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় ও এসআই আসিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে পুলিশ। জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে গত রবিবার (৩০ আগস্ট) ইসলামপুরের হাড়গিলা এলাকার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে তিনি রূপসীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!