জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন গান পরিবেশন করা হয়।
আলোচনায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা নজরুলের সাহিত্যকর্ম ও জীবনদর্শনকে কেন্দ্র করে অনুষ্ঠানকে আরও অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় কবির বিদ্রোহী চেতনা, সাম্য, মানবিকতা, স্বাধীনচেতা মনন ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি অগ্রজ্যোতি বড়াল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।