প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রামের মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়দের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে মেঘনা নদীর তীরে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহটির শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিল না। নিচের অংশে দুটি প্যান্টের একটি পরিহিত এবং অন্যটি অর্ধেক খোলা অবস্থায় ছিল।স্থানীয়দের ধারণা, মেঘনা নদীর জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে নদীর তীরে আটকে থাকতে পারে। মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি চৌকিদার মেহেদী হাসানকে জানান।স্থানীয় চৌকিদার মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় কয়েকজন ফোন করে মেঘনা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকার কথা জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।