মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৭ pm
২১০
গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। রোববার (৩০ আগস্ট) বিকেল ও রাতে আশুলিয়া থানার ইয়ারপুর ও বাদাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় হরিদসা বাবুল ওরফে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন বাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ডিবির এসআই (নিঃ) মো. মতিউর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযানকালে মো. ইমন (৩৫) ও তার স্ত্রী মোসা. রুপালী (২৫)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হরিদসা বাবুল ওরফে বাবুল আশুলিয়ার ইয়ারপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগে একটি অন্যান্য ধারার মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার মো. ইমন ও মোসা. রুপালী আশুলিয়ার বাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!