ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় রক্তের সংকট মোকাবিলা ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনা মহানগরীর সাতটি কলেজ ক্যাম্পাসে একযোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখা।
রোববার (৩০ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রয়োজনের সময় রক্ত সরবরাহ নিশ্চিত করা এবং স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উৎসাহিত করা। একই সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্য থেকে সম্ভাব্য রক্তদাতাদের তালিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীর চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্ত ও রক্তের উপাদানের প্রয়োজন হয়। এ সময়ে রক্তের সংকট দেখা দিলে রোগী ও স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তাই মানবিক দিক বিবেচনায় নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা মহানগরীর সাতটি কলেজ ক্যাম্পাসে একযোগে কর্মসূচি পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতায় রক্তদাতা সংগ্রহ, রক্তদানের উপকারিতা সম্পর্কে প্রচার এবং প্রয়োজনীয় রক্তের গ্রুপের তথ্য সংগ্রহে কাজ করেন।
আয়োজক ছাত্রদল খুলনা মহানগর শাখার নেতারা বলেন, ডেঙ্গুর মতো সংকটময় সময়ে রোগীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। রক্তের প্রয়োজনে যাতে কোনো রোগীকে দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।