খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা ও মোবাইল-ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ২টার দিকে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আজবা নামের এক নারীর বাসায় মুকুল নামের এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। এ সময় মুকুলের সহযোগী আবু হোসেন এসে সাংবাদিকদের উপর হামলা করেন।
হামলায় দৈনিক _মুখপাত্র_র ক্যামেরাপারসন শেখ তৈয়ব আলী পর্বত ও _ঢাকা টু ডে_র প্রতিনিধি ফাহিম ইসলাম আহত হন। তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
আহত শেখ তৈয়ব আলী পর্বতকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩০ আগস্ট খুলনা সদর থানায় মামলা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা*। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, "পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
খুলনা সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।