ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ থেকে ১০টি বৈদ্যুতিক ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ছুটির পর বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যান। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয় খুলতে গিয়ে শিক্ষকরা দেখতে পান, কয়েকটি শ্রেণিকক্ষের দরজা খোলা। পরে কক্ষগুলোতে গিয়ে দেখা যায়, একটি শ্রেণিকক্ষ থেকে চারটি এবং অপর দুটি শ্রেণিকক্ষ থেকে তিনটি করে মোট ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা নেই।
বিদ্যালয়ের সিসি ক্যামেরাগুলো নষ্ট থাকায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকেও জানানো হয়েছে।
খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ বলেন, “বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার সকালে এসে দেখি শ্রেণিকক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। থানায় গিয়ে জিডি করা হবে।”
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছহাক আলী বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির বিষয়টি প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন। তিনি প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
চুরির ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।