ক্যাশলেস লেনদেনের প্রসার এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের Bangla QR ব্যবহারে উৎসাহিত করতে পূবালী ব্যাংক পিএলসি, পাবনা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার এবং পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, পাবনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. সাজ্জাদ হোসেন। বক্তারা বলেন, একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় লেনদেনের সুযোগ তৈরি করাই Bangla QR-এর অন্যতম লক্ষ্য। এতে ব্যবসায়ীদের জন্য একাধিক QR ব্যবস্থাপনার ঝামেলা কমবে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বাড়ানো, বিভিন্ন পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন QR প্ল্যাটফর্মের আওতায় আনা এবং দেশে একটি সহজ ও আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা। অনুষ্ঠান শেষে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি করা হয়।