রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৩:০১ pm
আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

রোববার (৩০ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনী থানার ইছাগুড়া এলাকার মো. ধলু ব্যাপারী (৪০), একই এলাকার মো. সাব্বির (২০) এবং কালকিনী থানার খাকান্দি এলাকার মো. মোস্তফা সরদার (২৮)।

তারা আশুলিয়ার পলাশবাড়ী বিজয়নগর এলাকায় মো. ইকবাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পলাশবাড়ী এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের বিষয়ে তথ্য পাওয়ার পর ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। রাত আড়াইটার দিকে অভিযানকালে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১০ গ্রাম এবং মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

গ্রেপ্তার তিনজনের মধ্যে মো. ধলু ব্যাপারীর বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, পূর্বের মামলার পাশাপাশি নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগের তিন মামলার বর্তমান বিচারিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আশুলিয়ার মতো শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন বলে মনে করছেন তারা।

এদিকে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!