রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চোরাই মালসহ ডিবির হাতে ৫ জন গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০২:৪৯ pm
চোরাই মালসহ ডিবির হাতে ৫ জন গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন-সহ ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার কোনাখালী চরপাড়া এলাকার মৃত ফিরোজের ছেলে মোঃ হামিদ (৩৬); চকরিয়া থানার কোনাখালী এলাকার মৃত বদি আলমের ছেলে মোঃ আলম আলমগীর (২৮); একই এলাকার মৃত মোক্তার আহম্মেদের ছেলে মোঃ কাউছার (৩২); কোনাখালী চরপাড়া এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে মোঃ রুবেল (২৬) এবং পেকুয়া থানার সিকদারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রিয়াজ উদ্দিন রানা (২৪)। তাদের সবাই বর্তমানে সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তর বিভাগের একটি দল যাদুরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে একটি সিলভার রঙের HP ProBook ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোঃ আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে চারটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মোঃ কাউছারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে দুটি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া মালামালগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!