মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
যশোর-৫(মণিরামপুর)আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্যের পিএস গাজী আসাদকে ২৯ আগষ্ট(শনিবার) রাজগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রেফতার হওয়ার আতঙ্কে তিনি পলাতক ছিলেন। শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আসাদকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।তিনি সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন বলে অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।
গাজী আসাদ উপজেলার পাড়ালা গ্রামের বাসিন্দা চান্দালী গাজীর ছেলে, স্থানীয়দের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীর এপিএস থাকা অবস্থায় বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ এবং ভিভ টিউবয়েল দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে টিউবয়েল না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এছাড়াও সরকারি বেসরকারি অফিসে বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগও রয়েছে আসাদের বিরুদ্ধে।
সাবেক প্রতিমন্ত্রীর আমলে এপিএস থাকা অবস্থায় তিনি নিজ গ্রামে খুব ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে গাজী আসাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।