নরসিংদী-মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি ছামাদ ভূইয়া (৫০)-কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
মনোহরদী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ছামাদ ভূইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকে ছামাদ ভূইয়া পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে মনোহরদী থানা পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযান চালায়।
পরে তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছামাদ ভূইয়া মামলার এজাহারনামীয় একমাত্র আসামি। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয় উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।