নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন (২৬) নামে আরও একজন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মৃত শাহজাহান মাস্টারের মুরগির ফার্মে অভিযান চালায় মনোহরদী থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে শাহীদ মিয়া (৩৬) ও মো. হিমেল মিয়া (২৪)-কে আটক করতে সক্ষম হয়। তবে আল আমিন (২৬) কৌশলে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের তল্লাশি করা হলে শাহীদ মিয়ার হেফাজত থেকে ৫০০ গ্রাম এবং মো. হিমেল মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৬০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা। পরে গাঁজাগুলো জব্দ করা হয়।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, পলাতক আল আমিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মনোহরদী থানা পুলিশ।