শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ pm
২০৬
সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৮ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন আক্রাইন বাজার এলাকায়। অভিযানে মো. সিয়াম হোসেন হৃদয় (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিয়াম হোসেন হৃদয় ভোলা জেলার লালমোহন থানার নয়আনী গ্রাম পশ্চিমপাড়া (বিলপাড়া) এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি সাভার মডেল থানাধীন আইঠোর রাস্তা এলাকায় আয়শার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এরপর ২৯ আগস্ট রাত ১২টা ৪৫ মিনিটে ধামরাই থানাধীন গোপাল কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মো. ফরহাদ হোসেন শুভ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামরাই থানার দাইরা (গোপাল কৃষ্ণপুর) এলাকার মো. আঃ কাদেরের ছেলে।

পুলিশের দাবি, ফরহাদ হোসেন শুভর কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, ফরহাদ হোসেন শুভর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।

একই রাতে রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবির এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নজরুল (৩৮), শাহীন (২৩), ফেরদৌস (২২), আইয়ুব হোসেন রনি (২৫) ও ইসমাইল (২৬)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. নজরুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার সোনারগাঁও এলাকার মৃত রজব আলীমের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

শাহীন মাদারীপুরের কালকিনি থানার কাচারীকান্দি এলাকার হান্নানের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

ফেরদৌস ঢাকার ধামরাই থানার সৈলান এলাকার মুন্সি আব্দুর সবুরের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার বাইপাইল এলাকায় বসবাস করছিলেন।

আইয়ুব হোসেন রনি নেত্রকোনার কলমাকান্দা থানার সাকুয়া ইন্দ্রপুর এলাকার মো. বুলবুল আহমেদের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার বাইপাইল ইউনিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অপর গ্রেপ্তার ইসমাইল বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ চিলা এলাকার মৃত আলতাফের ছেলে। তিনি আশুলিয়ার বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ জানায়, বাইপাইলের ওই অভিযানে গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশের দেওয়া তথ্যে আরও জানা যায়, গ্রেপ্তার ফরহাদ হোসেন শুভর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এছাড়া ফেরদৌসের বিরুদ্ধে একটি সিআর মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

ঢাকা জেলা ডিবি পুলিশ জানিয়েছে, সাভার, ধামরাই ও আশুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পৃথক অভিযানে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!